জামায়াত নেতাদের কান ধরে ওঠ-বস করিয়ে পুলিশে দিল যুবলীগ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে স্থানীয় জামায়াতের দুই শীর্ষ নেতাকে কান ধরিয়ে ওঠ-বস করিয়েছেন যুবলীগ। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা প্রায় সাড়ে ১২টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মিরসরাই থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির ও প্রশিক্ষণ সম্পাদক আবু বক্করকে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা কর্মী সম্মেলনের ব্যানারসহ কান ধরে ওঠ-বস করান। তাদের ওঠ-বস করানোর ভিডিও লাইভ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মিঠানালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু নোমান জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মধ্যম মিঠানালা গ্রামে ১০ থেকে ১২ জন অপরিচিত ব্যক্তি একত্রিত হলে স্থানীয়রা তাদের সন্দেহ করে। এরপর স্থানীয় যুবলীগের একজন কর্মী তাদের পরিচয় জানতে চায় এবং তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি চালায়। এ সময় ব্যাগে জামায়াতে ইসলামীর ব্যানার-ফেস্টুন পাওয়া যায়। এরপর স্থানীয় বোর্ড অফিস বাজারে এনে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের নিয়ে যায়।

এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদীকে ফোন দিলে তিনি বলেন, ‘এটি মিরসরাই থানা কমিটির বিষয়। এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না।’

এ বিষয়ে মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, জামায়াত নেতারা থানা হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত