কিশোরগঞ্জে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে খুর্শিদ মহল সেতুসংলগ্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাঁকচূড়া গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসিন (৭), রাহাত মিয়ার ছেলে সিফাত (১৩) এবং হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের শামীম (৩২)। সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা-ভাতিজা। মারা যাওয়া শামীমের ২৫ সেপ্টেম্বর চাকরির জন্য ওমান যাওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, গত সোমবার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদে  নৌকাবাইচ হয়। ছোট নৌকায় উঠে নৌকাবাইচ উপভোগ করার সময় বাইচের একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে ছোট নৌকাটি ডুবে ওই তিনজন নিখোঁজ হয়। কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত