আন্তর্জাতিক শান্তি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে ‘বিশ্ব শান্তিতে বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক তার পররাষ্ট্রনীতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, মানবজাতির প্রতি জাতির পিতার দর্শনই আমাদের সংবিধানের মূল ভিত্তি। এই ভিত্তিকে উজ্জীবিত রাখতে আমরা সকলে বদ্ধপরিকর।
সেমিনারে সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদান উল্লেখপূর্বক সামগ্রিকভাবে শান্তিরক্ষীদের সার্বিক অর্জনকে তুলে ধরেন। এ ছাড়া রাষ্ট্রদূত শহীদুল হক, প্রফেসরিয়াল ফেলো, এসআইপিজি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন সিনিয়র সচিব ও পররাষ্ট্র সচিব বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি
