রেকর্ড গড়া জুটিতে দশ উইকেটের জয় পাকিস্তানের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ এএম

মঈন আলীর ঝড়ো ফিফটিতে ইংল্যান্ড ছুঁড়ে দিয়েছিল ২০০ রানের লক্ষ্য। সেটাই কিনা পাকিস্তান ছুঁয়ে ফেলে কোনো উইকেট না হারিয়েই। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটির রেকর্ডে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ বল হাতে রেখেই জয়ের দেখা পায় পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে দুই ওপেনার মিলে ২০০ রান তাড়া করে জিততে পারেননি। এই কীর্তি গড়ে বাবর আর রিজওয়ান বিশ্বরেকর্ড করেন। ১০ উইকেটে এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের ১৬৯ তাড়া করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিল মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন।

১০ উইকেট হাতে রেখে সবচেয়ে বেশি রান তাড়ার তৃতীয় রেকর্ডটি আবার পাকিস্তানের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫২ রান তাড়া করে দলকে বিনা ‍উইকেটে জিতিয়েছিলেন বাবর-রিজওয়ান জুটিই।

বৃহস্পতিবার রাতে করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল ইংল্যান্ড। ২৩ বলে ৪টি করে চার-ছক্কায় অধিনায়ক মঈন আলি খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস। বেন ডাকেট করেন ২২ বলে ৪৩।

জবাবে বাবর-রিজওয়ান জুটির কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। বাবর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন। যে ইনিংসে তিনি ১১টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। পাকিস্তানের হয়ে শাহনেওয়াজ দাহানী ও হারিস রউফ দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ নেন একটি উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত