পল্লীবিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ এএম

নেত্রকোনার কলমাকান্দায় পল্লীবিদ্যুতের ১১ কেভির সঞ্চালন লাইনের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরম আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের টেংগা গ্রাম থেকে মরম আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরম আলী ওই গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বাতাসে একটি খুঁটি থেকে বিদ্যুতের তার খুলে গিয়ে প্রায় তিন-চার ফুট উঁচুতে ঝুলে ছিল। স্থানীয়রা জানানোর পরও প্রায় ১১ দিন ধরে তারটি ঝুলে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ।

পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে খাবারের জন্য মরম আলী গোতুরা বাজার থেকে বাড়ির দিকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন সকাল ৬টার দিকে তার ভাই সবুজ মিয়া বাড়ির পাশে আমন ধানের ক্ষেতে তার লাশ দেখতে পান।

কলমাকান্দা পল্লীবিদ্যুতের ডিজিএম রাশেদুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত