সাভারে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে যুবক খুন!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৬ এএম

ঢাকার সাভারে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিনে-দুপুরে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বলেছে, ঘটনাটি হত্যাকা- কিনা সেটা তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি তারা।

নিহত যুবক মো. রইস উদ্দিন (৩৬) চাঁপাইন তালতলা এলাকার প্রয়াত আবদুর রহমানের ছেলে।

এলাকাবাসী ও ঘটনাস্থলের আশপাশের লোকজনে সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইন ব্রিজের ঢালে রইস উদ্দিন, জসিম, ওয়াসিম, ইমান, শরিফসহ বেশ কয়েকজন মিলে হেরোইন সেবন করছিল। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে এক যুবক রইসের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইমান তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়েই মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসেন এবং দাফন করার প্রস্তুতি নেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, রইস উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার স্বজন কিংবা যারা হাসপাতালে এনেছিলেন তারা কোনো তথ্য না দিয়ে মরদেহটি নিয়ে যান।

ডা. সায়েমুল হুদা বলেন, তিনি থানার ওসির সঙ্গে কথা বলেছেন এবং লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।

সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ ধরনের একটা ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত