জাতিসংঘে মানবিক সাজবার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: প্রিন্স

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ পিএম

প্রধানমন্ত্রী দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে জাতিসংঘে গিয়ে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে মানবিক সাজবার চেষ্টা করছেন উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অথচ জনগণের আন্দোলন দমন করতে গুম-খুন করে তারা চরম অমানবিকতা করছে। গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে। তার সরকারের বিরুদ্ধেই জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ অভিযোগ করছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লোডশেডিং ,জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সারের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় নূরে আলম, আবদুর রহিম, নারায়ণগঞ্জে মো. শাওন ও মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাওন হত্যাসহ দমন নিপীড়নের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশের আগে ত্রিশালের দরিরামপুর থেকে বিশাল বিক্ষোভ মিছিল ত্রিশাল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার জনজীবন বিপন্ন করে তুলেছে। জনদুর্ভোগ সৃস্টি করেছে। এর বিরুদ্ধে মানুষ আজ জেগে উঠেছে। হত্যা, নির্যাতন করে চলমান আন্দোলন দমন করা যাবে না। শহীদ নূরে আলম, আবদুর রহিম, শাওন, শহীদুল ইসলাম শাওনের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, তাদের রক্ত বৃথা যেতে দেব না।

তিনি বলেন,  ক্ষমতায় থেকে নির্বাচন করার আওয়ামী সুখ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সাজানো-পাতানো নির্বাচনের নামে আর প্রহসন করতে পারবে না আওয়ামী লীগ। ইনশাআল্লাহ নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশসহ নিরাপত্তা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। এর আগে র‍্যাবকে দিয়ে গুম-খুন করিয়ে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমেরিকা র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, তখন জনদুর্ভোগের বিরুদ্ধে গণবিক্ষোভ নস্যাত করতে সরকার পুলিশকে দিয়ে হত্যা করিয়ে পুলিশ বাহিনীকেও র‍্যাবের মতো বিপদে ঠেলে দিচ্ছে।

তিনি আরো বলেন, শাওন, নূরে আলম, রহিম, শাওনের রক্ত বৃথা যেতে পারে না। তাদের রক্তে রঞ্জিত পথ ধরে জনদুর্ভোগ বিরোধী চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হচ্ছে।

প্রিন্স বলেন, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে জনগণের অর্থ অপচয় করে ১৬৭ জনের বিশাল লটবহর নিয়ে প্রধানমন্ত্রীর লন্ডন ও আমেরিকা সফর 'প্লেজার ট্রিপে' পরিণত হয়েছে। লন্ডনে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান নির্ধারিত বিমানবন্দরে নামতে না দেওয়ায় ৫৪ কোটি টাকা দিয়ে অন্য এয়ারলাইনসের নামে স্লট ভাড়া নিয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়। এভাবে জনগণের টাকা অপচয়ের হিসাব তাদেরকে একদিন দিতে হবে। সর্বগ্রাসী সংকটের মধ্যে গুরুত্বহীন বিদেশ সফর না করে সেই টাকা জনদুর্ভোগ নিরসনে ব্যায় করলে জনগণ উপকৃত হতো। বিদেশিদের কাছে ধরনা না দিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন বলেন, রাজপথের ফয়সালা শুরু হয়ে গেছে। স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নির্যাতন করে কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।

ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু প্রমুখ বক্তব্য রাখেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত