মাকে খুঁজতে যেয়ে যদি দোষী হতে হয়, মাথা পেতে নেব: মরিয়ম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩ এএম

নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নিখোঁজের ঘটনা সাজানো ছিল। মায়ের আত্মগোপনের পেছনে মেয়ে জড়িত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এবিষয়ে মরিয়ম মান্নান বলেছেন, মাকে খুঁজতে যেয়ে যদি দোষী হতে হয়, আমি মাথা পেতে নেব। মায়ের সঙ্গে আমার দেখা না হওয়া পর্যন্ত আমাকে ভুল বুঝবেন না।

এ প্রসঙ্গে রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর রাত ৪টা ৮ মিনিটের দিকে মরিয়ম মান্নান তার ফেসবুক পোস্টে লিখেন, সন্তান মা'কে খুজবে খুব স্বাভাবিক। আপনার মা হারিয়ে গেলে আপনিও খুঁজতেন। ফুলপুরের লাশ পর্যন্ত গিয়েছি মা’কেই খুঁজতে। ফুলপুর থানার ওসিকে আমি তাদের দেওয়া একটা বিজ্ঞাপনের মাধ্যমেই কল দেই।

ডিএনএ টেস্টের জন্য আবেদন করি। আমার মাকে আমি খুঁজেছি, সব জায়গায় যেয়ে একটা কথাই বলেছি আমার মাকে চাই। মা যদি আত্মগোপন করেন তাকে এনে শাস্তি দিন তাও আমার মা আমার চোখের সামনে এনে দিন দয়া করে।

আজকে মা'কে পাওয়া গিয়েছে, আমি মায়ের উদ্দেশ্যে যাচ্ছি। মায়ের সঙ্গে এখনও দেখা হয়নি, কথাও হয়নি। মায়ের কোন ভিডিও অথবা অডিও পাইনি যেখানে মা বলেছেন তিনি আত্মগোপন করেছেন।

সকলের কাছে কাছে গিয়েছি মাকে খুঁজে পেতে, যাদের কাছে গিয়েছি তারা জানেন কি চেয়েছি আমি। মাকে চাওয়া ছাড়া আর কিছু চাওয়া আমার ছিলো না। এখনও নেই।দয়া করে মায়ের সঙ্গে আমার দেখা না হওয়া পর্যন্ত আমাকে ভুল বুঝবেন না। আমি মাকে খুঁজেছি, সন্তান হিসেবে আমার দায়িত্ব তাকে খোঁজা।

মা এই ৩০ দিন কোথায় ছিলো কিভাবে ছিলো সেটা আপনাদের মতো আমারও প্রশ্ন।

আমার মায়ের সঙ্গে আমাকে কথা বলতে দিন। আমার মায়ের কাছে পৌঁছানো পর্যন্ত আমাকে সহোযোগিতা করুন। মা যদি আত্মগোপনও করে থাকেন তবুও তাকে খোঁজার দায়িত্ব আমার।

আমি মা'কে খুঁজতেছি বলে আমাকে বলা হচ্ছে মায়ের আত্মগোপনে আমি জড়িত? তাহলে আমার কি করা উচিত ছিলো? যখন শুনেছি আমার মা নিখোঁজ তখন চুপ করে বসে থাকা উচিত ছিলো? যারা প্রথমদিন থেকে বলছিলেন মা আত্মগোপন করেছেন তাদের কথা শুনে মাকে আর খুঁজতাম নাহ? মাকে খুঁজেছি বলে আমাকে আমাকে দোষী করা হবে?

আপনারা আমাকে যে যাই দোষ দিন না কেন, প্রথম দিন থেকে আমি ছুটিতেছি মায়ের জন্য। আজকে পেয়েও গিয়েছি। বারবার বলেছি মা আত্মগোপন করলে সামনে আনুন শাস্তি দিন আমার কলিজা শান্তি পাবে। মায়ের চেহারাটা দেখেই আমার শান্তি। আপনারা যে যাই বলেন, এখন আমার মা আমার সামনে।

মাকে খুঁজে পাওয়ার লড়াই ছিলো আমার। আপনারা সহযোগিতা করেছেন।আপনাদের সহযোগিতায় আজকে আমার মাকে খুঁজে পেয়েছি।

প্রথম দিনের মতোই আজকেও আমার একটাই চাওয়া মাকে ছাড়া কিছুই চাই না।মাকে নিয়ে এই খুলনা শহর ছেড়ে দিবো, মাকে নিয়ে দূরে চলে যাবো। মাকে চাওয়া ছাড়া কিছুই চাওয়ার নাই। যে জায়গা নিয়ে মামলা সেই জায়গাও চাই না। শুধুমাত্র মাকে চাই। মাকে আমার কাছে না পাওয়া পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি জানি একজন মাকে তার সন্তানদের কাছে ফিরিয়ে দিতে পৃথিবীর সকল মানুষ আমার পাশে থাকবেন। 

আমি খুশি, এক মুহুর্তের জন্যও বিচলিত নই। মাকে খুঁজতে যেয়ে যদি আমাকে দোষী হতে হয় আমি সেই দোষ মাথা পেতে নেওয়ার শক্তি এবং সাহস রাখি, ইনশাআল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত