রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৩০ গ্রাম ৬৫ পুরিয়া হিরোইন, পাঁচ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ২টি গাঁজার গাছ, এক বোতল ফেন্সিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।
