শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ পিএম

দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরির তেমন কোনো সুযোগ নেই। তবে বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো ঘণ্টাভিত্তিক পার্টটাইম চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) ৩৯তম ব্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ।

উপাচার্য আরো বলেন, আমাদের প্ল্যান আছে, শিক্ষার্থীরা যেন বাইরের দেশের মতো ঘণ্টা অনুযায়ী পার্টটাইম চাকরি করতে পারে।কারণ অনেক শিক্ষার্থী আছে, যারা টিউশন পায় না এবং আর্থিক অবস্থা ভালো না। তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম চাকরির সুযোগ করে দেওয়া যায়, তাহলে অন্তত তাদের খাওয়া-থাকার জন্য আর্থিক যোগান হবে।

উপাচার্য বলেন, আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে যেমন লোকবল সংকট রয়েছে। তেমনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যদি ঘণ্টাভিত্তিতে পার্টটাইম চাকরির ব্যবস্থা করা যায়, তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ তৈরির কাজ চলমান রয়েছে। এ নিয়ে পরিকল্পনা রয়েছে আমাদের।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও চাকরিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে নিয়ে আসছে। চাকরির পথ সুগমে সকলের জন্য উন্মুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে। সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমর সবাই দেশের জন্য কাজ করবে। সৎভাবে ও দেশাত্মবোধ নিয়ে সবাই সামনে এগিয়ে যাবে।

এ সময় উপ-পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত গ্রন্থাগারের ফসল। বিশ্ববিদ্যালয় আমাদেরকে এ সুযোগ তৈরির করে দিয়েছে। এইজন্য আমরা কৃতজ্ঞ। সামনের জুনিয়র শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারে উন্মুক্ত গ্রন্থাগারের মতো সুযোগ করে দিলে সবাই সুবিধা পাবে। বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে‌।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত