আগামী ১ থেকে ১১ অক্টোবর আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠিত হবে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াড। অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ৭ সদস্যের দল।
অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সোমবার দুপুরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও মো. সজল মাহমুদ।
২০১৭ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ইয়ুথ দাবা অলিম্পিয়াডে অংশ নেয়। সেবার ভারতের গুজরাটে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে ১৯তম স্থান লাভ করে।
এবারের ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলে আছেন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। দলের সঙ্গে অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল।
বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় অনুর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ অনুর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা অলিম্পিয়াডে এ পর্যন্ত ৩৫টি দল অংশগ্রহণের জন্য তাদের দরের নাম এন্ট্রি করেছে।
