যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অন্দরমহলের গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২৬ সেপ্টম্বর) এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন তিনি। স্নোডেন ছাড়াও আরও ৭৫ জন বিদেশি-বংশোদ্ভুত ব্যক্তিকে নাগরিকত্ব দিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক এই কর্মকর্তা বর্তমানে রাশিয়ায় রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে গোপন নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ভিত নাড়িয়ে দিয়েছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছেন নিজ দেশ থেকে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।
এডওয়ার্ড স্নোডেনকে ২০২০ সালেই রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। সে সময় স্নোডেন বলেছিলেন, তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ না করেই রাশিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করার পরিকল্পনা করছেন।
রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্নোডেনের প্রতিক্রিয়া জানা যায়নি।
