গাজীপুর জেলা আইনজীবী সমিতির সম্পাদক প্রিন্স মারা গেছেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ পিএম

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন সন্তান ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বোন অ্যাডভোকেট হাছিনা জাহান বীথি সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসায় প্রিন্স হৃদযন্ত্রে ব্যাথা অনুভব করলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রিন্স গাজীপুর আইনজীবী সমিতির রানিং সেক্রেটারি ছিলেন। প্রিন্স এর আগেও গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি জাতীয়তাবাদী আইজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। আইজীবী পেশায় তার সনদ প্রাপ্তির তারিখ ছিল ১৯৯৬ সালের ১৪ এপ্রিল এবং এ পেশায় যোগদান করেন একই বছরের ১৩ নভেম্বর। 

এছাড়াও গাজীপুর রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা মৃত মোকদম আলীও একজন আইনজীবী ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবাজপুর এলাকায়। তিনি সপরিবারে গাজীপুর শহরের রাজবাড়ি উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে বুকে ব্যথাজনিত কারণে তাকে হাসপাতালে আনা হয়। আনার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৫টায় তার মৃত্যু হয়। 

গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও সাবেক এপিপি মো. আসাদুল্লাহ বাদল বলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্সের মৃত্যুতে মঙ্গলবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। দুপুর আড়াইটায় ভাওয়াল রাজবাড়ি মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত