বঙ্গমাতা সেতুর পিলারে ধাক্কা দেওয়া জাহাজ মোংলায় আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০২ পিএম

পিরোজপুরের বেকুটিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা দেওয়া এমভি জামান-২ লাইটারেজ জাহাজটিকে আটক করেছেন মোংলা নৌ-পুলিশ। এতে পিলারটির সামান্য পলেস্তারা খসে পড়লেও বেশি ক্ষতি হয়েছে ওই জাহাজটির। জাহাজটি খালি থাকায় ডুবে যাওয়ার মত দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, লাইটারেজ জাহাজ এমভি জামান- ২ ঢাকা থেকে ভারত যাওয়ার পথিমধ্যে সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিরোজপুরের বেকুটিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেতুর ৫ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। 

এ ঘটনায় পিরোজপুর নৌ পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে মোংলা নৌ পুলিশকে বিষয়টি জানানোর পর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেল থেকে লাইটারেজ জাহাজটিকে আটক করা হয়। এরপর রাতেই পিরোজপুর নৌ পুলিশের সদর থানায় জাহাজটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সওজের সার্ভেয়ার প্রজিৎ হালদার। 

মামলা দায়েরের পর বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই লাইটারেজ জাহাজের স্টাফদের পিরোজপুর সদর নৌ-পুলিশ গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে যায়। আর জাহাজটি মোংলার পশুর ও মোংলা নদীর মোহনা চরে পুলিশের হেফাজতে রয়েছে।

এমভি জামান-২ লাইটারেজের মাস্টার মো. সোহেল বলেন, জাহাজটির ইলেকট্রিক সুকান ফেল করায় ও তীব্র স্রোতের টানে কন্ট্রোল রাখতে না পারায় সেতুর পিলারে সামান্য ধাক্কা লাগে। 

জাহাজ মালিক পক্ষের প্রতিনিধি মো. আসাদুজ্জামান নাহিদ বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সেতুর পিলারের যে সামান্য ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে আমরা প্রস্তুত। তিনি আরও বলেন, পিলারে ধাক্কা লেগে জাহাজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত