গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোল্লা (৭০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা নামক স্থানে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দিবাগত গভীর রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আব্দুস সালাম মোল্লা দত্তডাঙ্গা গ্রামের মৃত করিম মোল্লার ছেলে এবং কাজুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম মোল্লা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
এ সময় মোটরসাইকেলসহ চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
