শেষ দিন পর্যন্ত সকল দলের অংশগ্রহণের অপেক্ষা করা হবে: কৃষিমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:২২ পিএম

আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়- এ প্রসঙ্গে সাংবাদিকদের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

তিনি বলেন, আমরা চাই ছোট বড় সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে অবশ্যই সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না।

শেষ দিন পর্যন্ত সকল দলের অংশগ্রহণের অপেক্ষা করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি আবারও ২০১৪/১৫ সালের মতো দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা এখন সমাবেশে লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে উসকানি দিচ্ছে। পুলিশের ওপর গায়ে পড়ে আক্রমণ চালাচ্ছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মানা হবে না। তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

বর্ধিত সভায় আরও উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ ভ‚ঞাপুর গোপালপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৮ বাসাইল সখিপুর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপিসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত