বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত প্লেন উড়ল ওয়াশিংটনের আকাশে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ পিএম

খনিজ ও জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পুরোপুরি বিদ্যুৎচালিত যাত্রিবাহী প্লেন উড়ল আমেরিকার রাজধানী ওয়াশিংটনের আকাশে। আমেরিকার সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট মিনিটের সংক্ষিপ্ত যাত্রা করে অ্যালিস নামের এই প্লেন। যদিও উদ্বোধনী উড়ানে কোনও যাত্রী ছিলেন না এতে।

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজরায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও গ্রেগরি ডেভিস এই উড়ানকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিয়েছেন। আমেরিকার সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, ‘পঞ্চাশের দশকের পর এই প্রথম উড়োজাহাজে পুরোপুরি নতুন প্রযুক্তি ব্যবহৃত হল’।

সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎচালিত গাড়ি বা মোবাইল ফোনের মতোই মাত্র আধা ঘণ্টায় চার্জ দেওয়া যাবে এই প্লেনটিতে। ৯ জন যাত্রীকে নিয়ে তা টানা এক ঘণ্টা আকাশে উড়তে পারবে। গতি, ঘণ্টা প্রতি প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ নটস বা ২৮৭ মাইল গতিবেগে এগোতে পারে অ্যালিস।

মঙ্গলবারের প্রথম উড়ানের পর এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করবে অ্যাভিয়েশন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার আশা, আর মাত্র কয়েক বছরের মধ্যে প্লেনটিকে যাত্রী পরিবহণে সক্ষম করে তুলতে পারবে তারা। সব কিছু পরিকল্পনামাফিক চললে ২০২৭ সালের মধ্যেই এই প্লেনটি যাত্রীদের নিয়ে যাতায়াত করতে পারবে বলে মনে করছে অ্যাভিয়েশন।

সংস্থাটি জানিয়েছে, যাত্রিবাহী, বিলাসবহুল (এগ্‌জিকিউটিভ) এবং মালবাহী প্লেন- আপাতত অ্যালিসের এই তিনটি সংস্করণ পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। যাত্রিবাহী বিমানে ৯ জন যাত্রী-সহ দুজন চালক বসতে পারবেন। এগ্‌জিকিউটিভ প্লেনে হাত-পা ছড়িয়ে ৬ জন যাত্রীর জায়গা হবে। অন্য দিকে, মালবাহী অ্যালিসে আয়তনের ৪৫০ ঘনফুট জায়গায় মালপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত