লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, বিক্ষোভ

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:২৪ এএম

লক্ষ্মীপুর সদরে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১০টার দিকে বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দারদিঘিরপাড় এলাকায় আলাউদ্দিন পাটোয়ারী (৩৮) নামে যুবলীগের ওই নেতার ওপর হামলা হয়। পরে রাত ১১টার দিকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আলাউদ্দিন পাটোয়ারী রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটোয়ারী বাড়ির সাদেক পাটোয়ারীর ছেলে। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জিহাদীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন যুবলীগের এই নেতা।

এদিকে যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করেন যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা আলাউদ্দিন হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে বিভিন্ন সেøাগান দেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হামলার সময় আলাউদ্দিন পোদ্দারদিঘিরপাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন পাশের বাগানে অন্ধকারে আগে থেকেই অপেক্ষায় থাকা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। যার কয়েকটি গুলি তার বুকে, পেটে ও কানে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আলাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

চাচা জামাল হোসেন ও ভাই বাবলুর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে।

যুবলীগ নেতা হত্যার খবর পেয়ে রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় নুর উদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আলাউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত। স্থানীয় বিএনপি নেতাদের কয়েক দিনের উসকানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘হত্যাকান্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক হাসপাতালে এসেছি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত