জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১২:৫৫ পিএম

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৩ অক্টোবর) রাতে শহরের চাকলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবীর দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে।

পুলিশ জানায়, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী সুনিল চন্দ্র দাসের। জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এনিয়ে সোমবার রাতে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে। এসময় পরিবারের লোকজন এলে তাদেরও ছুরিকাঘাত করে সুনিল দাসের লোকজন। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তরকে আটক করেছে পুলিশ। 

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়  তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্ততি চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত