ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে শিমরন হেটমায়ার। ফ্লাইট মিস করাতেই এই ব্যাটারকে বাদ পড়তে হয়েছে। তার বদলি হিসেবে শামারাহ ব্রুকসকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত শনিবার সিপিএল শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিল।
হেটমায়ারের ফ্লাইট ১ অক্টোবরে নির্ধারিত ছিল। তবে ব্যক্তিগত কারণে তার ফ্লাইট পুনঃনির্ধারণ করতে চেয়েছিলেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরে তার অনুরোধের প্রেক্ষিতে সোমবার একটি ফ্লাইট পুনর্নির্ধারণ করে দেয়। পরে ২৫ বর্ষী ক্রিকেটার বোর্ডকে জানিয়েছিলেন, পারিবারিক কারণে তিনি সময়মতো ফ্লাইটটিতে যেতে পারবেন না।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, তাকে পরিস্কার করা হয়েছিল যে অস্ট্রেলিয়ায় তার ভ্রমণে যদি আরও বিলম্ব হয় এবং সমস্যার সৃষ্টি করে, তবে তাকে দলে তার বদলি নেয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্টের প্রস্তুতির জন্য দলের সামর্থ্যের সাথে আপোষ করতে প্রস্তুত নই।
শামারাহ ব্রুকসকে দলে নেয়া প্রসঙ্গে জিমি অ্যাডামস বলেন, শামারহ আমাদের সাম্প্রতিক টি-টুয়েন্টি আন্তর্জাতিক স্কোয়াডের একটি অংশ এবং সদ্য সমাপ্ত সিপিএলের শেষ পর্যায়ে শক্তিশালী পারফরম্যান্স করেছে। সে এই সপ্তাহে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাবে এবং টুর্নামেন্টের জন্য আমি তাকে এবং স্কোয়াডের সবাইকে জন্য শুভকামনা জানাই।
