প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ওঠে নিজের কর্মস্থলে পৌঁছা হলো না চট্টগ্রামের ফটিকছড়ির ব্যবসায়ী খোরশেদুল আলমের। পথেই চলন্ত মোটরসাইকেলে হৃৎক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান এলাকার নাজিরহাট-কাজিরহাট সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ আলী জানান, খোরশেদুল আলম সকাল ৮টায় মোটরসাইকেলযোগে কর্মস্থল নাজিরহাট যাওয়ার পথে সুয়াবিল টেকের দোকান এলাকার পূর্ব দিকে ঈদগাহ সংলগ্ন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে গিয়ে হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়রা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খোরশেদুল আলম (৫০) নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল চুরঁখাহাট নিবাসী মাওলানা কাসেমের পুত্র।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
