প্রায় ১৬ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। অক্ষয় কুমারের ছবি 'গোল্ড'-এর হাত ধরে হিন্দি সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী মৌনি রায়ের। প্রবাসী বাঙালি তিনি। তাই হিন্দিতেই কাজ করে এসেছেন এতদিন। তবে যতই প্রবাসে বাস হোক না কেন, আদতে তো তিনি বাঙালি। তাই কলকাতার প্রতিও তেমনই টান নায়িকার। 'ব্রহ্মাস্ত্র'র মারকাটারি সাফল্যের মধ্যেই কলকাতা ঘুরে গেলেন অভিনেত্রী। একটি বিজ্ঞাপনে তাকে দেখলেন দর্শক। নাচের রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হিসাবেও নজর কাড়েন। তবে কি এবার টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী?
মৌনির কলকাতা সফর উসকে দিয়েছিল এমন অনেক প্রশ্ন। উত্তর খুঁজল আনন্দবাজার। সূত্র বলছে, খুব শিগগিরই বাংলা ছবিতে দেখা যাবে মৌনিকে। আসছে রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত, অঙ্কুশ হাজরা নিবেদিত নতুন ছবি 'মির্জা'। এ ছবির হাত ধরেই বাংলা ছবিতে অভিষেক ঘটতে চলেছে মৌনি রায়ের। ছবিতে একটি বিশেষ গানের জন্য ফোন গিয়েছে নায়িকার কাছে। না, এখনো অভিনেত্রীর তরফ থেকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে খলনায়কের নাম। অঙ্কুশের বিপরীতে খলনায়ক হিসাবে দর্শক দেখবেন দিব্যেন্দু ভট্টাচার্যকে। 'ধানবাদ ব্লুজ'-সহ একাধিক সিরিজে তাকে দেখেছেন দর্শক। নায়ক, খলনায়ক প্রকাশ্যে এলেও এই ছবিতে নায়িকা কে হবেন? তা এখনো ঠিক হয়নি। মৌনী-সহ আর কী কী চমক দেখা যাবে অঙ্কুশের এই নতুন ছবিতে, এখন সেটাই দেখার অপেক্ষা। সূত্র : আনন্দবাজার
