ইনানীতে সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৮:২৩ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানী সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মারিয়া চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে কক্সবাজারে উখিয়ার ইনানী সি পার্ল রিসোর্টের সুইমিংপুলে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি সপরিবারে কক্সবাজারে ইনানীতে বেড়াতে আসেন। পরে তারকা মানের হোটেল ইনানী সি পার্ল রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নামেন। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। এ সময় তাকে দ্রুত কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছে বলে জেনেছি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মো. রিপন জানান, আজ শুক্রবার সন্ধ্যায় ইনানী থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালে মর্গে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত