বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৯:২৬ এএম

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি এলাকায় হোমিও কলেজের পাশে এ  ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কৈগাড়ী হোমিও কলেজের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলিয়ে যায়। পরে ওই  আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)  হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত ওই ব্যক্তির পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। নিহতের পরিচয় এবং কি কারণে এ হত্যাকাণ্ড তা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত