শেরপুরে বিয়ে বাড়িতে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:১০ এএম

শেরপুরের পৌর এলাকার চাপাতলী মহল্লায় বিয়ের গাড়ি সাজানো ফুল ছেঁড়াকে কেন্দ্র করে দুই শিশুর ঝগড়ার ঘটনায় বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। 

শুক্রবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের চাপাতলী মধ্যপাড়া মহল্লায় আমীর আলীর মেয়ের বিয়েতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে বরযাত্রী আসেন। বিয়ের কাজ শেষ পর্যায়ে বাড়ির সামনে রাখা বরযাত্রীর সাজানো একটি প্রাইভেটকারের ফুল ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হাফিজুলের বাড়ির এক শিশুর সঙ্গে বিয়ে বাড়ির এক শিশুর ঝগড়া বাঁধে। পাশের বাড়ির শিশু, মা সুপ্তিকে গিয়ে ঘটনাটি জানায়। পরে হাফিজুলের দুই ছেলে রনি ও শফিকুলের সঙ্গে বিয়ে বাড়ির লোকদের বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে দুই পক্ষকে মিমাংসার জন্য সালিস বৈঠকে বসেন। সালিসের এক পর্যায়ে উত্তেজিত হয়ে রনি, শফিকুলসহ বেশ  কয়েকজন এসে বিয়ে বাড়ির প্যান্ডেল, টেবিল-চেয়ার ও প্লেট-গ্লাস ভাঙচুর করে চলে যায়। পরবর্তীতে বিয়ে বাড়ির লোকজন হাফিজুলের বাড়িতে গিয়ে দা দিয়ে কুপিয়ে ঘরের টিনের বেড়া ছিদ্র করে। পরে স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।  

এ বিষয়ে আমীর আলীর ভাই মিনাল জানায়, হাফিজুলের দুই ছেলে নেশাখোরদের নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে তারা নিজেরাই আবার ঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য নিজেদের ঘর-বাড়ি কুপিয়েছে। 

হাফিজুলের মেয়ে সুপ্তি জানায়, বিয়ে বাড়ির লোকজনই নিজেদের টেবিল-চেয়ার ভেঙে আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। 

এবিষয়ে পৌর কাউন্সিলর মো. আব্দুস সাত্তার জানায়, হাফিজুলের দুই ছেলেসহ অন্যান্যরা এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তাদের ফেরাতে গিয়ে আমিও আঘাত পেয়েছি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত