রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে নিতে এসে মো. আলামিন (১৩) নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে তার মায়ের ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নিয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানানো হয়েছে।
নিখোঁজ আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো আলামিন মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলার প্রশিক্ষণে অংশ নিতে এসে আর বাড়ি ফেরেনি।
আলামিনের পরিবার জানায়, ছোটবেলা থেকেই আলামিনের ফুটবল খেলার প্রতি আগ্রহ ছিল। সম্প্রতি গোয়ালন্দ বাজারসংলগ্ন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে স্থানীয়ভাবে ফুটবল খেলার প্রশিক্ষণে আলামিন নিয়মিত যেত। মঙ্গলবারও বিকেলে সে ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফিরে যাওয়ায় পরিবার থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করতে থাকে। কোথাও সন্ধান না পাওয়ায় দুই দিন পর বৃহস্পতিবার (৬ অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও বিষয়টি নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিরুৎসাহিত করায় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যান।
আলামিনের মা নার্গিস খাতুন শনিবার (৮ অক্টোবর) সকালে বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে প্রথমে তার ফোনে অপরিচিত এক ব্যক্তি কল দিয়ে অজ্ঞাত স্থানে ছেলেকে তাদের জিম্মায় রাখার কথা জানায়। তাকে মুক্ত করতে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দ্রুত টাকা না দিলে ছেলের লাশ ফেরত দেওয়া হবে বলেও জানায়। এরপর থেকে ওই নম্বরে কথা না বলে ইমোতে কথা বলছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. মনিরুল মিয়া বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তারা স্কুলছাত্রকে উদ্ধারে তৎপর রয়েছেন। আশা করছেন, অতি অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে সক্ষম হবেন।
