কিছু দিন আগেই পুত্রসন্তানের মা হয়েছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। ছেলের নাম রেখেছেন নীল। এতদিন সন্তানের মুখ প্রচারমাধ্যমের সামনে আনেননি অভিনেত্রী। তাই কেমন দেখতে তার সন্তান, তা নিয়ে আগ্রহী ছিলেন অনেকেই। অবশেষে সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা গেল 'সিংহম' ছবির অভিনেত্রীকে।
মুম্বাই বিমানবন্দরে কাজলকে দেখা গেল স্বামী গৌতম কিচলু ও পুত্র নীলের সঙ্গে। সাবেকি পোশাকে ছোটদের ঠেলাগাড়িতে করে ছেলেকে নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। পাশে গৌতমের পরনে ছিল মেরুন রঙের ঢিলেঢালা ফতুয়া। হাসিমুখেই ক্যামেরার সামনে ধরা দেন তিনজন।
মা হওয়ার কয়েক মাসের মাথাতেই অভিনয়ে ফিরেছেন কাজল। কমল হাসানের বিপরীতে 'ইন্ডিয়ান টু' ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি অতিরিক্ত ওজন ঝরাতে শরীরচর্চা করতেও দেখা যায় তাকে। ২০২০ সালে শুটিং শুরু হলেও বিভিন্ন কারণে বন্ধ ছিল ছবির কাজ। চলতি বছরে ফের শুরু হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে
