অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০২:৫৩ এএম

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। আর এর ফলে প্রবৃদ্ধি কমার শঙ্কা থাকলেও রপ্তানি ও রেমিট্যান্সে ভালো ইঙ্গিত মিলছে। সরকারের পক্ষ থেকেও আগাম সতর্ক করার পাশাপাশি নানা উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমাবদ্ধতা থাকলেও করোনাকালের মতো এবারও বাংলাদেশ সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে সক্ষম হবে।

গতকাল শনিবার সকালে রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘বিশ^মন্দার চ্যালেঞ্জ ও বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। সদ্য প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকের সূচনা করেন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।

গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘গত বছর রেমিট্যান্স কমলেও এ বছর এই কোয়ার্টারে বেড়েছে। মাসে দুই বিলিয়ন ডলার হারে রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে আমরা ২৪ থেকে ২৫ বিলিয়ন ডলার বেশি পাব। রেমিট্যান্স যোদ্ধা বাড়তে থাকায় এটি অব্যাহত থাকবে। রপ্তানির ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক দিক আছে। ডলার ম্যানেজমেন্টের জন্য আমদানি কমানোয় ভালো ফল দিচ্ছে। সম্প্রতি রপ্তানি বাড়ছে, আমদানি কমছে। এফডিআই বেড়েছে, এলসি ওপেন কমেছে।’

সাবেক মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং ইউরোপের ক্লাইমেট সংকটসহ নানা কারণে বিশ^ অর্থনীতিতে একধরনের মন্দা দেখা দিয়েছে। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্দা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সতর্কবার্তা দিয়েছেন, যাতে সবাই তা মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।’

বিদ্যুৎসংকট সমাধানে সৌরবিদ্যুৎ ব্যবহারের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘কয়লার বদলে সোলারে যেতে পারলে বিদ্যুৎ সমস্যার সমাধানে বেশ অগ্রগতি হবে। প্রস্তুতি খুব ভালো আছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রার দিকে তাকালে দেখা যাবে, ডিজিটাল জীবনের অগ্রযাত্রায় আমরা ২৭ ধাপ এগিয়ে। আইএমএফও বলছে, ২০২৪-২৫ সাল নাগাদ র‌্যাঙ্কিংয়ে এই অঞ্চলে বাংলাদেশ শীর্ষে থাকবে।’

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদী সাত্তার, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ এবং ভূতত্ত্ব ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম। বৈঠকটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন ৭১ টেলিভিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত