সীতাকুণ্ডে কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:১২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কোটি ১৫ লাখ টাকা সমমূল্যের ১৬টি স্বর্ণের বারসহ সুজন কান্তি দাস নামের এক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক সুজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা গ্রামের মৃত নরেশ চন্দ্র দাসের ছেলে।

সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র একটি দল সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরায় চেকপোস্ট স্থাপন করেন।সেখানে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করার সময় পূর্বে তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে তল্লাশি করলে সে স্বর্ণ রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা মোট ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১৮৬৬.১৬০ গ্রাম এবং দাম ৭ লাখ ২০ হাজার টাকা করে মোট এক কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

ডিবি চট্টগ্রামের ওসি নুর আহমদ জানান, ধরা পড়ার পর আসামি সুজন দাশ স্বীকার করেন এসব স্বর্ণ বিদেশ থেকে আমদানি করলেও এর বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধভাবে আমদানি করা এসব স্বর্ণ অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে এত স্বর্ণ আমদানি করায় রাতে এ বিষয়ে তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত