ইউক্রেনজুড়ে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৬:০৯ পিএম

কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়। ক্রিমিয়া-রাশিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রাশিয়া এ হমালা চালাল।  

সোমবার বিবিসি জানায়, চলতি মাসে এই প্রথমবারের মতো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। 

সকাল থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৭৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী প্রধান।

কিয়েভ ছাড়াও তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে লিভিভ, দিনিপ্রো, ঝাপোরিঝঝিয়া শহরে। কিয়েভে ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৮ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া, এ ঘটনায় ২৪ জন আহতের তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী।

শহরের মেয়র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের বিষয়টি স্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের চারপাশে বিমান হামলাজনিত সতর্কসংকেত কমছে না। দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা ঘটেছে। দয়া করে নিরাপদ আশ্রয়ের জায়গাগুলো থেকে সরে যাবেন না।’ 

জেলেনস্কি আরো বলেছেন, রাশিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইউক্রেনকে সরিয়ে দিতে চাইছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত