বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জামিন

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৯:৫৩ পিএম

ফেনীর সোনাগাজীতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশের পৃথক দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জামিন পেয়েছেন।

সোমবার ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আবদুল আউয়াল মিন্টুর আইনজীবী জানিয়েছেন, সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবু তাহের, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন আহমেদ, পার্থপাল চৌধুরী প্রমুখ।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আবদুল আউয়াল মিন্টুর জামিনের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে ১ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আবদুল আউয়াল মিন্টুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

গত ২৯ আগস্ট সোনাগাজীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পরদিন সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরজিত বড়ুয়া ও মোহাম্মদ মঈন উদ্দিন বাদী হয়ে আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।

দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে আসামি করা হয়। দুই মামলাতেই বিস্ফোরকদ্রব্য আইন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত