আজ সেই সমস্ত মানবাধিকার কর্মীরা কোথায়: রিজভী

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১:২৮ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আজকে বিএনপির শান্তিপূর্ণ শোক র‌্যালির কর্মসূচিতে পুলিশ গুলি করেছে। আজ সেই সমস্ত মানবাধিকার কর্মীরা কোথায়? যারা বক্তব্য রাখছেন শেখ হাসিনার আমলে গুম-খুনের ভুয়া তথ্য দিচ্ছে বিএনপি।

সোমবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী যে কর্মসূচি চলছে, সে কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরে পুলিশ বেপরোয়া আক্রমণ করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং যুবদলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির এ মুখপাত্র বলেন, আজকের কর্মসূচি ছিল খুবই শান্তিপূর্ণ শোক মিছিল। আজকে কেন গুলি করা হলো? আজ সেই সমস্ত মানবাধিকার কর্মীরা কোথায়? যারা বক্তব্য রাখছেন শেখ হাসিনার আমলে গুম-খুনের তথ্য ভুয়া, বিএনপি ভুয়া তথ্য দিচ্ছে। তারা কোথায়? ভোলায় যখন রহিম, নূরে আলম, মুন্সিগঞ্জে শাওন এবং নারায়ণগঞ্জের শাওনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তখন এই সমস্ত মানবাধিকার কর্মীরা তারা কোথায় থাকে। সবাই না কিছুসংখ্যক সরকারের অতি আপনজন, তারা নিশ্চুপ ছিল।

বিএনপির অন্যতম এ শীর্ষ নেতা বলেন, আজ জনপদের পর জনপদ রক্ত ঝরছে। রক্ত ঝরছে রহিমের, শাওনের, নুর আলমের তখন এই সমস্ত মানবাধিকার কর্মীদের মুখ থেকে একটা শব্দ বের হয় না। অথচ বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দিলেন, এগুলো চলে আসছে বিএনপির আমল থেকে। বিএনপি মিথ্যা তথ্য দিচ্ছে... এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কি নিম্ন শ্রেণির মানুষ? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারব না, তাদের ভাবখানা এ রকমই। তারা ফ্যাসিবাদের পূজা করবে, এর প্রতিবাদ করা যাবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মরে যাবে, জীবন দেবে আপনাদের গুলি বুকে নিয়ে মরে যাবে-কিন্তু মেনে নেবে না। এ সমস্ত বর্ণচোরা মানুষ যারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, জায়েজ করতে চাচ্ছে, তাদের আমরা উন্মোচন করবই। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থামাতে পারবে না কেউ।

তিনি আরো বলেন, তারা (সরকার) বলে আমরা নাকি পতাকাকে অপমান করছি। মিশরের কায়রোতে, তিউনিসিয়ায় গণতন্ত্রের জন্য পতাকা হাতে নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। আমরা সেই গণতান্ত্রিক মানুষের মতো লাঠির আগায় পতাকা নিয়ে নামব। কারণ এ পতাকা আমাদের উদ্দীপনা জাগায়। এ পতাকা যেকোনো অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রেরণা। তাই ভবিষ্যতে দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের মিছিলে দেশমাতার মুক্তির মিছিলে প্রত্যেক জনের হাতেই এ পতাকা থাকবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা এখন দুর্বল অবস্থায় আছেন। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রোডাকশনে আপনাদের অস্ত্রধারী ক্যাডার ছাড়া উপায় নাই। আপনাদের জনগণের কাছে আসার কোনো মুখ নাই। গণতন্ত্র কবরে, প্রতিটি সেক্টরে লুটপাট বিদেশে অর্থ পাচারের কারণে আপনারা জনগণের কাছে মুখ পান না।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, প্রচার সম্পাদক সাংবাদিক রাশিদুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুলাহ আল নাইম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত