বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে কুপিয়ে হত্যা, আটক ২

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৮:৫২ এএম

নোয়াখালীর জেলা শহর মাইজদীর নিজ বাসা থেকে ডেকে নিয়ে কামরুল হাসান জুবায়ের (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। 

নিহত কামরুল হাসান জুবায়ের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে। সে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় সেমিস্টারের ছাত্র ছিল। তারা সপরিবারে চন্দ্রপুরের শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালের দিকে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে জোবায়েরের বন্ধু লাদেন মুঠোফোনে তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর কিশোর গ্যাংয়ের ১৫/১৬ জন সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে। এতে জোবায়ের গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মাইজদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।  

নিহতের বড় বোন নাসরিন সুলতানা বলেন, আমার ভাইকে লাদেন নামের তার এক বন্ধু মাগরিবের সময়ের কিছু আগে মোবাইলে কল দিয়ে বাসা থেকে ডেকে নেয়। এরপর সন্ধ্যার সময় মানুষজন আমাদের জানায় আমার ভাইকে ১০/১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর ও ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। তারপর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মূল অভিযুক্তসহ ২ জনকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত