ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে দুটি এমওইউ ও এক চুক্তি

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:০৮ পিএম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার রাজতান্ত্রিক দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। তার এই সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এরমধ্যে বাংলাদেশ-ব্রুনাই সরাসরি প্লেন চলাচল ও অভিবাসন সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্রুনাইয়ের সুলতানের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের এটিই বাংলাদেশে প্রথম সফর জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত এক দশকে ব্রুনাইয়ের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মানবসম্পদ উন্নয়নসহ নানাবিধ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। ব্রুনাইয়ের ভিশন-২০৩৫ এর আওতায় গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বন্ধু রাষ্ট্রসমূহের সঙ্গে অর্থনীতির বহুমুখীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য সেবা ও জ্বালানি ইত্যাদি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সম্পদে সমৃদ্ধ উচ্চ আয়ের দেশ ব্রুনাইয়ের বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্যে দিয়ে দু’দেশই লাভবান হতে পারে। সন্ত্রাসবাদ ও চরমপন্থা, মাদক ও মানব পাচার, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়নসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ এবং ব্রুনাই এক ও অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। জাতিসংঘ, ওআইসি, এআরএফ, কমনওয়েলথসহ বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করছি। ব্রুনাইয়ের সঙ্গেও জ্বালানি নিয়ে আলোচনা করছি। আমাদের ভালো আলোচনা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা হচ্ছে।

হালাল খাবার নিয়ে ব্রুনাই আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে অনেক গরু ও ছাগল রয়েছে। বিশেষ করে ব্রুনাইয়ের সুলতান আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খুব পছন্দ করেন। হালাল মাংসের ব্যবস্থা করা (রফতানির জন্য) যায় কিনা, তারা সে বিষয়েও জানতে চেয়েছেন। এটি নিয়ে আলোচনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত