বৃহস্পতি তুঙ্গে হলিউড অভিনেতা জনি ডেপের। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জিতে আগেই স্বস্তি পেয়েছেন অভিনেতা। নতুন বান্ধবী জোয়েল রিচের প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন বলেও গুঞ্জন। এর মধ্যে অস্ট্রেলিয়ায় রীতিমতো ইতিহাস তৈরি করলেন জনি।
অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে যে প্রাসাদোপম বাড়িটি কিনেছিলেন অভিনেতা, সেটি বিক্রি করেছেন তিনি। কিন্তু যে দামে কিনেছিলেন বাড়িটি, আর যে দামে বিক্রি করলেন, তা জানলে চোখ কপালে উঠবে সকলের!
জানা গেছে, ১৫ লাখ ডলারে কেনা ক্যুইন্সল্যান্ডের বাড়িটি বিক্রি হয়েছে ৪০ কোটি ডলারে।
জানা গিয়েছে, এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এত দামে কোনো বাড়ি বিক্রি হয়নি। জনির ওই প্রসাদোপম বাড়িতে রয়েছে ১০টি বেডরুম, ১০টি ওয়াশরুম। সঙ্গে রয়েছে 'ওয়াইন সেলার'। তবে বিপুল দামে যে বাড়িটি বিক্রি করলেন জনি, তার নেপথ্যে অবদান রয়েছে তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের।
ওই বাড়িটিতেই একসময় জনি ও অ্যাম্বারের মধ্যে রীতিমতো মারামারি হয়েছিল। জনিকে লক্ষ্য করে মদের বোতল ছুড়েছিলেন বলে অভিযোগ উঠেছিল অ্যাম্বারের বিরুদ্ধে। যার জেরে নাকি হাতের আঙুল কেটে গিয়েছিল জনির। এসব ঘটনার সাক্ষী থাকাতেই জনির ওই বাড়িটি এত দামে বিক্রি হয়েছে বলে মনে করছেন অনেকে। সূত্র : ইয়াহু এন্টারটেইনমেন্ট
