‘সঠিক কম্বিনেশন থেকে দূরে নেই’ বলে মনে করেন সাকিব

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৫:১২ পিএম

প্রথম দুই ম্যাচের মতোই। লড়াইয়ের ছিটেফোটাও দেখা যায়নি। আজও ঠিক তাই হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান একাই লড়ে গেছেন। বাকিরা শুধু যাওয়া আসার মিছিলে শামিল হয়েছিলেন। দরজায় কড়া নাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগার ক্রিকেটারদের এমন হতশ্রী পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে। অস্ট্রেলিয়া বাংলাদেশের সেরা কম্বিনেশন ঠিক করা নিয়েও উঠছে প্রশ্ন।  

তবে টাইগার দলপতি সাকিব মনে করেন এক-দুইটি জায়গায় পরিবর্তন আনলেই সমাধান হবে। তার মতে সেরা কম্বিনেশন থেকে নাকি খুব একটা দূরে নেই বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হারের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন ঠিক করা নিয়ে এক প্রশ্নের জবাবে নিজের ভাবনা জানান বাংলাদেশ অধিনায়ক।

তিনি মনে করেন, ‘আমার মনে হয় বিশ্বকাপে সঠিক কম্বিনেশন থেকে আমরা খুব একটা দূরে নই। আমার মতে এক-দুইটি জায়গায় হয়তো পরিবর্তন আনতে হবে। সত্যি বলতে আমাদের হাতে বেশি বিকল্পও নেই। আমাদের জানা আছে বিশ্বকাপে ঠিক কী নিয়ে যাবে দলটি। আমরা কিছু ম্যাচ দেখলাম। সবাইকে একটি করে ম্যাচ খেলানো হলো, যাতে বুঝতে পারি বিশ্বকাপে সেরা কম্বিনেশন কী হতে পারে।’

টাইগারদের ব্যাটিংয়ে দশ ওভারের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে দেখা যায়। উদ্বোধনী জুটিও মেটাতে পারে না দলের চাহিদা। তাতে মোমেন্টাম পাওয়া যায় না বলে অভিমত সাকিবের, ‘যদি আমাদের তিনটি ম্যাচের দিকে তাকান, একই প্যাটার্ন খুঁজে পাবেন। দশ ওভারের পর আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছি। প্রতি দুই ওভারে একটি করে উইকেট পড়ছে। এটি আমাদের মোটেও সাহায্য করছে না। এমন হলে মোমেন্টাম পাওয়া যায় না। রান তাড়ার ক্ষেত্রে তখন রান তাড়ার চিন্তা না করে ইনিংস গড়ার দিকে মন দিতে হয়।’

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষে আর মাঝে কোনো বিশ্রাম পাচ্ছেন না নুরুল হাসান সোহানরা। বৃহস্পতিবার সকালেই নামতে হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। সিরিজে এটাই তাদের শেষ ম্যাচ। বিশ্বকাপে আগে শেষ ম্যাচটা জিতে নিয়ে একটা মোমেন্টাম নিয়ে আসতে চান অধিনায়ক, ‘আমরা আগামীকাল অবশ্যই জেতার জন্য নামব। টসের সময়ই বলছিলাম, এখান থেকে একটি ম্যাচ জিততে পারলে সেটি আমাদের অনেক মোমেন্টাম দেবে। যা আমরা চাই। তাই আগামীকালের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত