ফেনীর পরশুরামে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে আবদুল মোমিন (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। একমাত্র ছেলে রাজীব তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মোমিন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব আলকা গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মোমিনের তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। কিন্তু একমাত্র ছেলে মো. ফারুক ওরফে রাজীবের সঙ্গে জমির ভাগ নিয়ে বেশ কিছুদিন ধরে মোমিনের বিরোধ চলে আসছিল।
বিরোধের জেরে রাজীব তার স্ত্রী-সন্তান নিয়ে কয়েক মাস আগে পরশুরাম শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন মোমিন। সম্প্রতি তিনি কিছু জমি বিক্রি করেন। এতেই ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর বড় ভাই সুমনকে নিয়ে বাড়িতে যায় রাজীব।
এ ঘটনায় মোমিনের মেয়ে পানু আক্তার রাতেই পরশুরাম মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ রাজীব (৩৫) ও তার শ্যালক আবদুল মজিব ওরফে সুমনকে (৩২) গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যালক আবদুল মজিবকে নিয়ে ফারুক গ্রামের বাড়িতে আসার পর থেকেই ফারুক ও তার বাবার মধ্যে বাগ্বিত-া চলছিল। একপর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে বাবার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হলে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে করতে ফারুক ও তার শ্যালক পালিয়ে যায়।
আবদুল মোমিনকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
