কর্ণফুলীতে জাহাজডুবি: আরও দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:১৯ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজডুবি ঘটনার ৮০ ঘণ্টা পর নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল নয়টার দিকে ডুবে যাওয়া জাহাজের কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করেন নৌ পুলিশের সদস্যরা।

তারা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইসা গ্রামের বাসিন্দা আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রীজার প্রদীপ চৌধুরী (৫৫)।

আবদুল মোতালেব ডুবে যাওয়া জাহাজের নাবিক মো. রাকিবের বাবা। তিনি জাহাজে কর্মরত ছেলের কাছে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় সাতজন নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার দিনভর জাহাজের ক্যাপ্টেনসহ পাঁচজনের লাশ ভেসে ওঠে। এর বাইরে চিকিৎসারত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন আরও একজন।

এ পর্যন্ত এ ঘটনায় আটজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শুক্রবার দিনভর উদ্ধারকারী দল কাজ করে পানিতে পুরোপুরি তলিয়ে থাকা জাহাজটি কাদা থেকে আলগা করে উল্টে দেয়।

বিকেলে জাহাজটি উদ্ধারকারী নৌযানের সহায়তায় টেনে দুর্ঘটনাস্থল থেকে সদরঘাট এলাকায় সরিয়ে নেওয়া হয়। সকালে জাহাজটি টেনে পানির ওপরে তোলা হলে কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেছেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাংকন ওশেনা লিমিটেডের মালিকানাধীন এফবি মাগফেরাত জাহাজটি সি রিসোর্স ডকইয়ার্ডে মেরামতের জন্য তোলার সময় পাখা খুলে যায়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে নদীতে ডুবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত