এশিয়া এবং আফ্রিকাজুড়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) অবকাঠামো প্রকল্পগুলোতে চীনের নিজ দেশের মতোই কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ প্রয়োগ করা এবং হাজার হাজার কর্মীকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ উঠেছে।
সর্বশেষ ফ্ল্যাশপয়েন্ট হল পাকিস্তানের বৃহত্তম শহর করাচি, যেখানে শত শত শ্রমিককে ২০২০ সালের মার্চ থেকে অনুমতি ছাড়া বহু-বিলিয়ন ডলারের বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নিয়ম এখনো কার্যকর আছে।
আর চীনের এই কঠোর কোভিড-১৯ বিধি-নিষেধ বাস্তবায়ন করা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায়।
ওই প্রকল্পে কাজ করা ইউসুফ (ছদ্মনাম) নামের একজন পাকিস্তানি প্রকৌশলী বলেন, ‘আমাদের বাড়িতে যেতে, আমাদের প্রিয়জনের সাথে দেখা করতে, আমাদের ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব উদযাপন করতে বা আরও শিক্ষা গ্রহণের অনুমতি নেই’।
‘আমাদের মধ্যে অনেকের আত্মহত্যার চিন্তাভাবনা তৈরি হয়েছিল এবং আমাদের সঙ্গে বন্দীদের মতো আচরণ করা হয়’।
তিনি বলেন, আমাদের নিজের দেশেই আমাদের কোনো স্বাধীনতা নেই।
কোভিড নীতিটি এত কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে যে, প্ল্যান্টটি পরিচালনাকারী সংস্থা অসুস্থ শ্রমিকদের চিকিৎসার সুবিধার্থে সাইটে বসবাসের জন্য কোনও স্থানীয় ডাক্তারও নিয়োগ করতে পারছে না। কারণ পাকিস্তানি ডাক্তাররা ওই কঠোর বিধি-নিষেধগুলো মানতে নারাজ।
বিদ্যুৎ খাতে বিশ্বের বৃহত্তম নির্মাণ সংস্থা পাওয়ার চায়নার একটি স্থানীয় শাখা প্ল্যান্টটি পরিচালনা করে। বিশ্বজুড়ে সংস্থাটির ৮০ টিরও বেশি শাখা রয়েছে।
