খুলনা জেলা পরিষদ নির্বাচন

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:৫৭ পিএম

খুলনা জেলা পরিষদ নির্বাচনের ১০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্রে মোবাইল ফোনসহ সব ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা, ইভিএম বুথে ভোটার ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়া এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী ডা. শেখ বাহারুল আলম। গতকাল শনিবার দুপুরে খুলনা বিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। ডা. বাহারুল আলম খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও খুলনা বিএমএর সভাপতি।

সংবাদ সম্মেলনে ডা. বাহার অভিযোগ করেন, ক্ষমতাসীন ব্যক্তিরা বিভিন্নভাবে ভোটারদের হুমকি প্রদান করছে। তারা ভোটারদের সঙ্গে করে ভোটকেন্দ্রে নিয়ে যাবে এবং তাদের উপস্থিতিতে ভোট প্রদান করতে হবে বলে হুমকি দিয়ে রেখেছে। শক্তির এমন নগ্ন প্রয়োগ ও ভোটারদের হুমকি নির্বাচনের মাঠে এক ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। নির্বাচনে এসব আধিপত্য বিস্তার বন্ধ করা না গেলে কোনোক্রমেই ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, অপর চেয়ারম্যানপ্রার্থী শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি নির্বাচনী মঞ্চ ব্যবহার করে প্রচারণা চালানোয় অন্য মতাদর্শের ভোটাররা আতঙ্কগ্রস্ত। তারা সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারবে কি না এ নিয়ে রীতিমতো শঙ্কিত। এছাড়া নির্বাচনী এলাকায় প্রচুর কালো টাকার থাবা নির্বাচনকে জর্জরিত করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানপ্রার্থী শেখ হারুনুর রশিদ বলেন, যারা নির্বাচনে হেরে যায় তারা এসব কথা বলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত