চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী সিংগাবাদ পাথার বিলে জেলেদের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও কনস্টেবল সাজ্জাদ আলী। এরমধ্যে গুরুতর আহত সাজ্জাদ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, পাথার বিলে মাছ ধরা নিয়ে বিলের ইজারাদার ও জেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে জেলেদের মধ্যে দু’টি গ্রুপ তৈরি হয়ে বিরোধে জড়ায় এবং একপক্ষ মামলা দায়ের করে। ওই মামলার আসামিদের ধরতে শুক্রবার সন্ধ্যায় সাদা পোশাকে চার পুলিশ সদস্য বিভিষণ এলাকায় গেলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
