সুস্থ হয়ে বাসায় ফিরলেন দগ্ধ কৌতুক অভিনেতা রনি

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৪৯ এএম

দীর্ঘ এক মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন গাজীপুরে বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দেন।

সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে ডা. সেন বলেন, ‘রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য।’

চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন আবু হেনা রনি। তিনি বলেন, ‘পোড়া রোগীর কী যে কষ্ট তা নিজের না পুড়লে বুঝা যাবে না। দেশের প্রতিটি বিভাগে আলাদা ভাবে বার্ন ইনস্টিটিউট থাকা উচিত। এতে এসব রোগীর কষ্ট আরও কমবে।’

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পুলিশের চার সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওইদিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শ্বাসনালিসহ রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য গঠিত হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত