বাগাতিপাড়ায় রাস্তার দুই পাশে একশ ফলের গাছ লাগিয়ে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন প্রভাষক মনজুরুল ইসলাম লিটন। গতকাল রবিবার সকালে উপজেলার জামনগর-বাঁশবাড়িয়া পাকা রাস্তার পাশে কামরাঙ্গা, আমড়া, চালতা, জলপাই, জাম, কদবেল ও পেয়ারার চারা রোপণ করে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেন। বাগাতিপাড়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক মনজুরুল লিটন শাহ্জামান ওরফে জামরুলের ছেলে।
লিটন গত বছর প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আমসহ নানা প্রকার শতাধিক ফলদ গাছ রোপণ করেন। কলেজ জীবন থেকেই তিনি নানারকম সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
লিটন জানান, আজীবন তিনি সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণে কাজ করতে চান। ভবিষ্যতে ‘লিটন ফাউন্ডেশন’ নামে একটি জনকল্যাণমূলক সংগঠন গঠনের ইচ্ছে আছে।
