বাংলাদেশের তৈরি ওষুধ এবং সমুদ্রগামী জাহাজ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়া। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী গত শুক্রবার এস্তোনিয়ার রাজধানী তালিনে পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালুর সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব দিলে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।
মন্ত্রীকে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশের তৈরি ওষুধ এবং সমুদ্রগামী জাহাজগুলো বিশ্বমানের উন্নত হওয়ায় বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। দেশটির চাহিদা অনুযায়ী ওষুধ ও জাহাজ রপ্তানি করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশও।
বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ফ্ল্যাগশিপ ক্যাম্পেইনের আওতায় তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের অগ্রগতিতে সহায়তা করার জন্য এস্তোনিয়ার সহায়তাও চেয়েছেন রাষ্ট্রদূত।
এছাড়া বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে এস্তোনিয়া সরকারের সমর্থন কামনা করেন রাষ্ট্রদূত। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে তার দেশ সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপ আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
