প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের উড়ন্ত জয়

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৮:২২ পিএম

ব্রিসবেনে বৃষ্টির কারণে ওভার কমে খেলা দাঁড়ায় ১৯ ওভারে। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নির্ধারিত ওভারে ১৬০ করেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ান উইকেটে বলা যায় একটু চ্যালেঞ্জিং স্কোরই এটা। তবে ইংলিশরা সেই লক্ষ্য টপকে যায় মাত্র ১৪.৪ ওভারেই। গা গরমের খেলায় ৬ উইকেটের জয়ে উড়ন্ত সূচনাই হলো ইংল্যান্ডের।

প্রস্তুতিমূলক বলে এই ম্যাচে পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম এবং তার ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান ব্যাট করতে নামেননি। তারা দলে থাকলেও অনেকটা বিশ্রামের মতই ছিলেন। অধিনায়কত্ব করেন শাদাব খান। ইনজুরি থেকে ফেরা শাহিন শাহ আফ্রিদিকেও খেলানো হয় এই ম্যাচে।

টস হেরে ব্যাট করতে নেমে শান মাসুদের ২২ বলে ৩৯ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। মোহাম্মদ ওয়াসিম করেন ১৬ বলে ২৬ রান। ১৮ বলে ২২ রান করেন ইফতিখার আহমেদ। মোহাম্মদ নওয়াজ ১১ বলে করেন ১০ রান। আসিফ আলি করেন ১৪ রান। হায়দার আলি করেন ১৮ রান এবং শাদাব খানের ব্যাট থেকে আসে ১৪ রান।

ইংল্যান্ডের হয়ে বোলিং করেন ৮জন বোলার। এর মধ্যে ডেভিড উইলি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস জর্ডান এবং লিয়াম লিভিংস্টোন।

জবাব দিতে নেমে ৩ রানে ফিল সল্টের উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। কিন্তু অ্যালেক্স হেলস আর বেন স্টোকসের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। হেলস ১৩ বলে ৯ রান করলেও ১৮ বলে ৩৬ রান করেন স্টোকস। স্ট্রাইক রেট ছিল তার ২০০। লিয়াম লিভিংস্টোন ১৬ বলে ২৮ রান করে আউট হন। হ্যারি ব্রুক ২৪ বলে ৪৫ এবং স্যাম কুরান ১৪ বলে ৩৩ রান করে ইংল্যান্ডকে জয় এনে দেন ৬ উইকেটের ব্যবধানে।

মোহাম্মদ নওয়াজ ২ ওভারেই দেন ৩৭ রান এবং শাদাব খান ২ ওভার বল করে ৩০ রান। মোহাম্মদ ওয়াসিম ২টি এবং ১টি করে উইকেট নেন নাসিম শাহ ও শাদাব খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত