টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় এলিম সিকদার (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এলিম সিকদার মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্ব পাড়ার বদর সিকদারের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো কাজ করার জন্য সকালে এলিম বাড়ি থেকে বের হয়ে যান। সোয়া আটটার দিকে মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত বাসটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
