ব্রিটেনে চীনা কূটনীতিকের নেতৃত্বে সহিংসতা, অভিযোগ এমপির

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:০১ পিএম

ব্রিটেনের ম্যানচেস্টারে রবিবার (১৬ অক্টোবর) চীনের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর সহিংসতায় সে দেশে নিযুক্ত চীনের সবচেয়ে সিনিয়র একজন কূটনীতিক জড়িত। হাউজ অব কমন্সে এমপিদেরকে এ তথ্য দিয়েছেন এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। এ খবর জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ এমপি অ্যালিসিয়া বলেছেন, আমরা যা দেখেছি তা হলো- চীনের কনস্যুল-জেনারেল শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার টেনে ছিঁড়ে ফেলছেন। অর্থাৎ এতে জড়িত কনস্যুল জেনারেল ঝেং সিয়ুয়ান।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন। বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পদক্ষেপের পক্ষ নেওয়া হয়েছে।

মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকরাই তাদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

কিন্তু চীনের এই বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতির।

ভিডিওতে দেখা যায়, ওই অফিসের কর্মকর্তারা কনস্যুলার গেটের ভিতর থেকে একজন বিক্ষোভকারীকে টেনে নিচ্ছেন। তার ওপর হামলা করা হয়েছে। কনস্যুলার জেনারেল প্লাকার্ড ছিঁড়ে ফেলার পর একজন হংকংয়ারকে ভয়াবহভাবে শারীরিক নির্যাতন করা হয়। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব কথা বলেছেন অ্যালিসিয়া কেয়ার্নস।

তিনি আরও বলেন, এরপর কয়েকজন বিক্ষোভকারীকে টেনে ভিতরে নিয়ে কর্মকর্তারা প্রহার করেন। এসব কর্মকর্তা চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য। আমরা বিক্ষোভকারীদের প্রহার করার জন্য এ পার্টির সদস্যদের অনুমোদন দিতে পারি না। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ করাতে চায়। এটাও চাই না আমরা। ব্রিটেনের মাটিতে এটা হতে দেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত