মিয়ানমারের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ইনসেইন কারাগারের ভেতরে বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের খবর।
বিবিসির বার্মিজ ভাষার সংবাদের খবরে বলা হয়েছে, বুধবার সকালে দুটি পার্সেল বোমা বিস্ফোরণ ঘটে। এতে জেলের তিনজন কর্মচারী এবং ৫ জন দর্শনার্থীর মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বিস্ফোরণে কারাগারের ডাকঘরটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদ সংস্থা মিয়ানমার নাউ এবং খিট থিট মিডিয়াও ৮ জনের মৃত্যু ও ১৫ জন আহতের তথ্য জানিয়েছে।
মিয়ানমার নাউয়ের তথ্য অনুযায়ী, একটি ভবনের ভেতরে জেলখানার কর্মীরা যখন বন্দীদের জন্য আত্মীয়দের আনা জিনিস গ্রহণ করছিলেন তখনই বিস্ফারণটি ঘটে। আরেকটি বিস্ফোরণ ঘটে ভবনের বাইরে।
দেশটির সেনাবাহিনীর একটি বিবৃতি উদ্ধৃত করে খিট থিট মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণের পরে কারাগারের সামরিক কর্মীরা বেশ কয়েকটি গুলি চালিয়েছিলেন। এতে আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিল।
