গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে পাঁচটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার দিনব্যাপী গাজীপুর ও টঙ্গী এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
এ সময় টঙ্গী এলাকার জেএম অটোওয়াশ, জিবিএল ওয়াশ লিমিটেড, আলিফ লন্ড্রি ও গাজীপুর সদরের মিক সুয়েটার, ব্যাক বেয়ার ডেনিম লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া বলেন, এ প্রতিষ্ঠানগুলো পরিবেশের ছাড়পত্রবিহীন তাদের কার্যক্রম চালাচ্ছিল। তাদের কোনো তরল বর্জ্য পরিশোধনার ছিল না। তাদের কার্যক্রমে পরিবেশ ও প্রতিবেশের চরম ক্ষতি হওয়ায় তাদের পাওয়ার অফ করে কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানে সহায়তা করেন পল্লী বিদ্যুৎ, ডেসকো, তিতাস গ্যাসের লোকজন।
