চুরি করে দোকানে আটকা, ৯৯৯ এ ফোন করে উদ্ধার চোর!

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০১:০৫ পিএম

চুরি করতে গিয়ে টেরই পায়নি কখন সূর্য উঠে গেছে। যখন বুঝতে পারলো ততক্ষণে দোকানের সামনে অনেক মানুষ আনাগোনা করছিল।

ব্যাগভর্তি চুরির মালামাল নিয়ে বের হতে গেলে ধরা পরে গণধোলাইয়ের শিকার হতে পারেন এমন শঙ্কায় সহায়তা চান জাতীয় সহায়তা কেন্দ্রে। ৯৯৯ এ ফোন করেন।

পুলিশ এসে বিপদে পড়া লোকটিকে খুঁজে পাচ্ছিলেন না। যখন পেলেন তখন চোখ ছানাবড়া। শেষে দোকান খুলে সহায়তাপ্রর্থী চোরকে উদ্ধার করে নিয়ে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন বন্দর থানার ওসি আসাদুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়াছিন খান (৪১)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা। তবে বরিশাল নগরীর কালুশাহ সড়কের একটি ভাড়া বাসায় থাকেন।

ওসি আসাদুজ্জামান বলেন, ধরা পড়ে গেলে স্থানীয়দের হাতে মারধরের শিকার হতে পারেন এই ভয় থেকে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যখন বন্ধ একটি দোকানের মধ্য থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন তখন তিনি স্বীকার করেন পেশায় তিনি চোর।

ওসি বলেন, ভোরে জরুরি সেবা থেকে আমাদের কাছে তথ্য আসে চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার এলাকায় বিপদে পড়েছেন এক ব্যক্তি। ওই ব্যাক্তি জরুরি সেবার কনফারেন্সের মাধ্যমে থানার ডিউটি অফিসারের সাথেও কথা বলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে মোবাইলে কল করে জানা যায় তিনি ঝন্টু মিয়ার দোকানের মধ্যে। দোকান থেকে বের হতে তার অসুবিধা কোথায় জানতে চাইলে পুলিশ সদস্যদের ইয়াছিন খাঁ বলেন, চুরির মালামাল গুছিয়ে ব্যাগ ভর্তি করতে তার বেশি সময় লেগেছে। সময় গড়িয়ে সকাল হয়ে গেছে। লোকজন দোকানের পাশে অবস্থান করছিল। এ অবস্থায় সেখান থেকে বের হলে মারধরের শিকার হতো। এ জন্য বুদ্ধি করে ৯৯৯ নম্বরে কল করেছে।

দোকান মালিক ঝন্টু বলেন, পুলিশ আমার দোকানের কাছে আসলেও কিছুই অনুমান করতে পারিনি। পরে তার মধ্য থেকে একজনকে বের করায় বুঝতে পারি চোর ধরেছে। পরে জানি ওই চোর ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চেয়েছে।

তিনি বলেন, দোকানের মালামাল নিয়ে যায়নি কিছুই। তবে সবকিছু এলোমেলো করে রেখেছে। ভালো ভালো জিনিস ব্যাগে ভরেছিল। কিন্তু নিতে পারেনি।

চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, এই ঘটনা এখন সবখানে আলোচনা হচ্ছে। যে শুনছে সেই অবাক হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত